ফিচার

তালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

By daily satkhira

January 13, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নাজমুল হাসান রানা (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তালা ফায়ার স্টেশন এলাকার একটি কালভার্টের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হাসান রানা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তিনি বেসরকারি সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টা’র কৃষি ইউনিটে কর্মরত ছিলেন।

এছাড়া তিনি সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রত্যক্ষদর্শী নুর উদ্দীন টিপু জানান, তিনি বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকাকালে বিকট শব্দ শুনে নিচে নেমে আসেন। এসে দেখেন মোটরসাইকেল ও বাস দুটিই রাস্তার বাম পাশে পড়ে আছে। পরে ফায়ার স্টেশনের কর্মীরা আহত অবস্থায় নাজমুল হাসান রানাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা এস এম নাহিদ হাসান জানান, তালা থেকে ঢাকাগামী লিটন ট্রাভেলসের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৯-০০২৩) এর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে নাজমুল হাসান রানার মৃত্যু হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।###