ফিচার

সাতক্ষীরা জেলা নাগরিক ঐক্যের সভাপতির নেতৃত্বে ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

By daily satkhira

February 01, 2026

নিজস্ব প্রতিনিধি : নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ ডক্টর রবিউল ইসলাম খান এর নেতৃত্বে নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলার ৭টি উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন শাখার ২১৭ জন নেতাকর্মী জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।

রবিবার  বিকাল ৫টায়  শহরের কাটিয়া নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর হাতে ফুলেল তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।

এসময় জেলা বিএনপির আহবায়ক বলেন, “সাতক্ষীরায় জেলা বিএনপি একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। আজকের এই বিশাল যোগদানের ফলে দল আরও গতিশীল হবে এবং এর সরাসরি ইতিবাচক প্রভাব নির্বাচনের ভোটের মাঠে প্রতিফলিত হবে। আমি বিশ্বাস করি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলের এই গণজোয়ার দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও শক্তিশালী করবে।”

যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি প্রমুখ।

সমাবেশের আলোচনা সভা শেষে নাগরিক ঐক্য থেকে বিএনপিতে যোগদানকারীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও নাগরিক ঐক্য থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদানকারী ২১৭ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শেষ পর্যন্ত এক বিশাল জনসমাবেশে রূপ নেয়, যেখানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ নতুন সাথীদের নিয়ে আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী প্রচারণার শপথ নেন।