ফিচার

পাটকেলঘাটায় মব সন্ত্রাস করে পুলিশে সোপর্দ করা দু’সাংবাদিকের বিরদ্ধে পাঁচদিনের রিমান্ডের আবেদন

By daily satkhira

February 23, 2026

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার পাটকেলঘাটায় মব সন্ত্রাস করে পুলিশে সোপর্দ করা দু’সাংবাদিকের বিরুদ্ধে আদালতে পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে। সোমবার রিমান্ড আবেদন করেন পাটকেলঘাটা থানার এসআই মল্লিক মনিরুজ্জামান।

এর আগে শনিবার দুপুরে সংবাদ প্রকাশ সংক্রান্ত পুরনো শত্রুতার জেরে মব সৃষ্টি করে দু’সাংবাদিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিতে বাদীপক্ষকে চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবিরের বিরুদ্ধে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, পাটকেলঘাটা টাওয়ার রোড এলাকায় ক তপসিলভুক্ত সরকারি জমিতে বিধি ভঙ্গ করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠে জনৈক ব্যবসায়ী নিরঞ্জন দাসের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা জানতে সাংবাদিক শেখ মাসুদ হাসান মনি ও মোহাম্মদ রবিউল ইসলাম সরেজমিনে শনিবার ‍দুপুরে নতুন নির্মাণকৃত দোকানে যান।সরকারি জমির ভূয়া মালিক নিরঞ্জন দাস কাগজপত্র দেখানোর কথা বলে সাংবাদিকদ্বয়কে তার নিজস্ব রাখি বস্ত্রালয়ে ডেকে নিয়ে যান। কিছুক্ষণের মধ্যে সেখানে সদলবলে হাজির হন সার ও বীজের ডিলার থানার শাকদহা গ্রামের জামালউদ্দীন। মাস খানেক আগে নিজ এলাকায় বরাদ্দকৃত ইউরিয়া সার সদর উপজেলার চাঁদপুর এলাকায় পাচারকালে ভিডিও রিপোর্ট করেন মাসুদ হাসান মনি। পুরনো সেই রাগ তিনি সফলভাবে প্রয়োগ করেন মনিসহ দু’সাংবাদিকের বিরুদ্ধে। ১০/১২ জন ব্যক্তিকে জড়ো করে শেখ মাসুদ হাসান মনি ও মোহাম্মদ রবিউল ইসলামকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হলে সুচতুর জামাল পুলিশকে খবর দিলে পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেন। এদিকে এঘটনায় মামলা দিতে চাননি নিরঞ্জন দাস। রাতে পাটকেলঘাটা থানার ওসি তাকে চাপ প্রয়োগ করে মামলা দিতে বলেন।এমনকি সোমবার সাতক্ষীরা আদালতে সাংবাদিকদ্বয়ের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এবিষয়ে পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির জানান, বাদীকে পুলিশ চাপ দিয়ে মামলা দেওয়ার বিষয়টি সত্য নয়। মবকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি তিনি এড়িয়ে যান । আর রিমান্ড চাওয়ার বিষয়টি নরমাল প্রক্রিয়া বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে পাটকেলঘাটা বাজারের সার ও বীজ ব্যবসায়ী জামালউদ্দীন বলেন, ‘‘ আমাকে নিরঞ্জন দাস তার দোকানে ডেকে নিয়ে গিয়েছিলেন। আর সার পাচারের বিষয়টি সঠিক নয়। ’’

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন,‘‘ মব সন্ত্রাস বন্ধ করে জনমনে স্বস্তি আনা বর্তমান সরকারের একটি অগ্রাধিকারপ্রাপ্ত কাজ। অথচ পাটকেলঘাটায় মব সন্ত্রাস করে দু’জন সাংবাদিককে মধ্যযুগীয় কায়দায় নিরযাতন করা হয়েছে। বিষয়টি দু:খজনক।’’