নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় স্থানীয় ও জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) জন্য সরাসরি ও নমনীয় অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন উন্নয়নকর্মী ও মানবিক সহায়তা সংশ্লিষ্টরা। এতে ন্যায্য ঝুঁকি ভাগাভাগি ও সমতাভিত্তিক অংশীদারিত্ব জোরদার করা সম্ভব হবে বলে তারা উল্লেখ করেন।
মঙ্গলবার (১০ মার্চ) সাতক্ষীরার লেক ভিউ রিসোর্ট সেমিনার হলে আয়োজিত আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার “কর্মের প্রতিশ্রুতি: বাংলাদেশে সরাসরি তহবিল এবং ঝুঁকি ভাগাভাগি এগিয়ে নেওয়া” শীর্ষক অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। মাল্টেসার ইন্টারন্যাশনাল ও জিএফএফও’র অর্থায়নে পরিচালিত টুগেদার কর্মসূচির আওতায় সেমিনারটির আয়োজন করে মুক্তি ফাউন্ডেশন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর উপস্থিতির কারণে বাংলাদেশ বর্তমানে একটি জটিল মানবিক পরিস্থিতির মুখোমুখি। এ ধরনের সংকট মোকাবিলায় স্থানীয় ও জাতীয় সংস্থাগুলো প্রায়ই প্রথম সাড়া প্রদানকারী হিসেবে কাজ করে। তবে মানবিক সহায়তায় ‘লোকালাইজেশন’ নিয়ে বৈশ্বিক অঙ্গীকার থাকা সত্ত্বেও স্থানীয় সংস্থাগুলোর জন্য সরাসরি অর্থায়নের সুযোগ এখনও সীমিত। ফলে স্থানীয় পর্যায়ে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া বাধাগ্রস্ত হয় এবং প্রশাসনিক ব্যয়ও বেড়ে যায়।
সেমিনারের প্যানেল আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় সংস্থাগুলোর জন্য সরাসরি ও নমনীয় অর্থায়ন বৃদ্ধি, বহুবর্ষী অর্থায়ন ব্যবস্থা চালু, স্থানীয় উদ্যোগ শক্তিশালী করতে বিশেষ তহবিল গঠন এবং সরকার, দাতা সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনের মধ্যে ন্যায্য ঝুঁকি ভাগাভাগির নীতিমালা প্রণয়নের সুপারিশ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবদুল হান্নান, ব্র্যাকের নিলুফার ইয়াসমিন, কেয়ার বাংলাদেশের মো. সাহাবুদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট নেটওয়ার্কের হাসিবুল ইসলাম, এনজিও নেটওয়ার্ক অ্যাডাবের আঞ্চলিক প্রধান, গণমাধ্যমকর্মী, সিভিল সোসাইটি প্রতিনিধি এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিও প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক।