ফিচার

সুন্দরবনে সাপের কামড়ে মৌয়ালী আহত : হাসপাতালে ভর্তি

By daily satkhira

April 09, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে সাপের কামড়ে আবুল কাশেম (৪৫) নামে এক মৌয়ালী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরের দিকে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের আওতাধীন ফিরিঙ্গি নদীর মোল্লাখালি খাল এলাকায় মধু সংগ্রহের সময় আবুল কাশেম সাপের কামড়ে আক্রান্ত হন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টাফ ও সিপিজি (কমিউনিটি পেট্রোল গ্রুপ) সদস্যদের সমন্বয়ে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ‘লাউডগা’ প্রজাতির সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন।

আহত আবুল কাশেম শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম গহর আলী।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনিয়া স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান, ১ এপ্রিল সাত সদস্যের একটি দল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে মধু আহরণের উদ্দেশ্যে সুন্দরবনের সংরক্ষিত ফিরিঙ্গি নদীর মোল্লাখালি খাল এলাকায় প্রবেশ করেন। আহত আবুল কাশেম ওই দলের সদস্য ছিলেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, প্রাথমিক পরীক্ষায় ধারণা করা হচ্ছে মৌয়াল আবুল কাশেমকে যে সাপে কামড়িয়েছে ততটা বিষাক্ত নয়। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় বন বিভাগ সংশ্লিষ্টদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।