ফিচার

সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

By daily satkhira

April 13, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ধুলিহর সানাপাড়া গ্রামে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় ওমর ফারুক (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা এগারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক সানাপাড়া গ্রামের মোঃ আরাফাত গাজীর ছেলে।

সানাপাড়া গ্রামের আতাউর গাজী জানান, বেলা এগারটার দিকে বাড়ির পাশে রাস্তার ধারে খেলা করছিল ওমর ফারুক। এসময় মাটি বহনকারী দ্রুতগতির একটি ট্রলি শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পথে কিছুক্ষণের মধ্যে সে মারা যায়।

সাতক্ষীরা সদর থানার আওতাধীন ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহরাব হোসেন জানান, ট্রলিটি জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। তবে এঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

প্রসঙ্গত, কিছু অসাধু ঠিকাদার দীর্ঘদিন ধরে সাতক্ষীরার ধুলিহর এলাকায় বেতনা নদী খননের মাটি অবৈধভাবে উত্তোলন ও পরিবহন করে আসছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিলে গত বছরের ২৪ ডিসেম্বর ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা করে দুর্বৃত্তরা।

এঘটনায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী লিয়াকত হোসেন বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তারা জামিন পান। স্থানীয়দের অভিযোগ, জামিন পেয়ে জেলহাজত থেকে বের হয়ে আবারও তারা বেপরোয়া ভাবে মাটি পরিবহন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অবৈধ মাটি বহনকারী ট্রলির বেপরোয়া চলাচলের কারণে এ ধরনের দুর্ঘটনা হরহামেশা ঘটছে।