ফিচার

সাতক্ষীরায় পহেলা বৈশাখে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজন

By daily satkhira

April 15, 2026

নিজস্ব প্রতিনিধি : বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

পহেলা বৈশাখের আমেজে সাজানো স্কুল প্রাঙ্গণে শুরুতেই ছোট ছোট শিক্ষার্থীদের নাচ, গান ও আবৃত্তি উপস্থিত সবার মন জয় করে নেয়। রঙিন পোশাকে সজ্জিত সোনামণিদের পরিবেশনায় বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের চিত্র ফুটে ওঠে।

অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্না চক্রবর্তী ও কেয়া চৌধুরী। তাদের সুরেলা কণ্ঠে পরিবেশিত গান পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে এবং দর্শকদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।

সবশেষে পহেলা বৈশাখের ঐতিহ্য ধরে রাখতে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মাঝে চিড়া, কলা, দই ও বাতাসা পরিবেশন করা হয়।

বিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুর রহমান কাজল জানান, নতুন প্রজন্মের মাঝে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে এবং পহেলা বৈশাখের গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।