দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আব্দুল আলিম দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় তিনি বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
নবযোগদানকৃত ওসি আব্দুল আলিম এর আগে ফরিদপুরের ভাঙ্গা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি শার্শা ও অভয়নগর থানাসহ বিভিন্ন থানায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সন্তান আব্দুল আলিম ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে ২০১৬ সালের ডিসেম্বরে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। এরপর থেকে খুলনা রেঞ্জের বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, দেবহাটা থানার এলাকায় সন্ত্রাস, মাদক ও সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তিনি কঠোর অবস্থানে থাকবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।