ফিচার

সাতক্ষীরায় জলবায়ু সহনশীলতায় নারী নেতৃত্বের ভূমিকা বিষয়ক দিনব্যাপী কর্মশালা

By daily satkhira

April 20, 2026

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় নারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা, সুরক্ষা ও অ্যাডভোকেসি’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) শহরের ম্যানগ্রোভ সভাঘরে হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট (হেড)-এর আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন হয়।

‘ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড’ এবং ‘সম্প্রতি এইড ফাউন্ডেশন’-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় তৃণমূল পর্যায়ের ৩০ জন নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই কর্মশালায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বহুমুখী সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষকগণ সাতক্ষীরা অঞ্চলের প্রধান সমস্যা হিসেবে লবণাক্ততা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, ঘূর্ণিঝড় ও নদী ভাঙনের কথা উল্লেখ করেন। বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় জলবায়ু পরিবর্তনের সাথে সামাজিক সমস্যার আন্তঃসম্পর্ক নিয়ে, যার মধ্যে বাল্যবিবাহ বৃদ্ধি এবং মানব পাচারের ঝুঁকির বিষয়টি উঠে আসে। ‘নারীর প্রতি সহিংসতা ও দুর্যোগকালীন নারী সুরক্ষার বিষয়ে আলোকপাত করেন প্রশিক্ষকরা। এছাড়া দুর্যোগ মোকাবিলায় ‘জেন্ডার সংবেদনশীল অভিযোজন কৌশল’ এবং স্থানীয় পর্যায়ে ‘কমিউনিটি সুরক্ষা পরিকল্পনা’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। তাই তাদের নেতৃত্বে এই সুরক্ষা কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী। হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার মশিদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা এবং সম্প্রতি এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক মলি শিকদার।

নারী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি এইড ফাউন্ডেশনের মলি শিকদারকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার প্রোগ্রাম অফিসার তরিকুল ইসলাম অন্তর এবং আরিজা সুলতানা আখি। প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন রেহানা পারভীন ও সোনিয়া পারভীন।