ফিচার

সারা দেশে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে সতর্ক সংকেত

By daily satkhira

April 29, 2026

অনলাইন ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অন্তত ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে মঙ্গলবার (২৮ এপ্রিল) জারি করা ৪৮ ঘণ্টার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, বেলা ১১টা থেকে পরবর্তী দুই দিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। ঝড়ের সঙ্গে তীব্র দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

এ ছাড়া আগামী ৯৬ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং এরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভারী বর্ষণের কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টির প্রবণতা অব্যাহত থাকায় এই পরিস্থিতি আরও কিছু সময় স্থায়ী হতে পারে।