নিজস্ব প্রতিবেদক : ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বৈশখালি গ্রামের পশু চিকিৎসক অনিমেষ পরমান্য অবশেষে মুক্তি পেয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে তাকে লোকালয় মীরগাং এলাকায় নিয়ে আসা হয়। পরে তাকে মটর সাইকেলে শ্যামনগরের সুন্দরবন বাজারে নিয়ে আসা হয়।
এদিকে অপহরণের সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ শ্যামনগর উপজেলার যতীন্দনগর গ্রামের মাহামুদুল হাসান,আব্দুল জব্বার ও শাহীনূর রহমানকে আটক করেছে।
শ্যামনগর বৈশখালি গ্রামের নিতাই পরমোণ্যের ছেলে প্রিয়নাথ পরমান্য জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার দাদা অনিমেষ পরমান্যকে সুন্দরবন বাজার থেকে রোগাক্রান্ত এক গরুর চিকিৎসা দেওয়ার নাম করে ডেকে নিয়ে অপহরণ দুর্বৃত্তরা। পরে তার মুক্তির জন্য ২০ লাখ টাকা দাবি করে তার বৌদিকে ফোন করা হয়। এ ঘটনায় তিনি শনিবার রাতে থানায় একটি মিসিং ডায়েরী করেন। অপহৃত অনিমেষ ম-ল জানান, ট্যাংরাখালি গ্রামের জিয়াদ মেম্বরের জামাতা আশরাফ আলী তাকে অসুস্থ গরু চিকিৎসার কথা বলে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন বাজার থেকে ডেকে নিয়ে যায়। পরে তিনিসহ তার সঙ্গীরা তাকে অপহরণ করে। তাকে সুন্দরবনের মধ্যে নিয়ে তারই মোবাইল থেকে স্ত্রী সবিতা রানীর কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এ সময় তার উপর অমানুষিক নির্যাতন চালানো হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদুর রহমান জানান, রোববার রাতে কিছু টাকাসহ অপহৃতের স্ত্রী সবিতা ও তার ভাই দেবদাসকে নিয়ে মীরগাং এলাকায় অবস্থান নেয় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পিছু হটে। একপর্যায়ে সোমবার সকাল ১০ টায় কোষ্টগার্ড, পুলিশ ও বনবিভাগ যৌথ অভিযান শুরু করার প্রস্তুতি নেয়। এসব খবর অপহরণকারীদের কাছে পৌছে গেলে তারা অনিমেষকে মুক্তি দিয়ে নৌকায় তুলে দেয়। তিনি আরও জানান, অপহরণের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।