দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটককৃত বিপুল পরিমাণ ভারতীয় রেনু পোনা বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) ভোররাতে অভিযান পরিচালনার পর জব্দকৃত রেনু পোনা একই দিন ভোরেই খালে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানা পুলিশের একটি টিম উপজেলার নওয়াপাড়া এলাকার জামতলা মোড়ে অভিযান চালায়। এসময় মস্তান গফুরের বাড়ির পশ্চিম পাশে রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা ৪টি পলিথিন বল জব্দ করা হয়। জব্দকৃত রেনু পোনার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। প্রতিটি বলে প্রায় ২৫ থেকে ৩০ হাজার রেনু পোনা ছিল বলে ধারণা করছে পুলিশ।
পুলিশের ধারণা, চোরাকারবারীরা অবৈধভাবে ভারতীয় রেনু পোনা এনে পাচারের উদ্দেশ্যে পরিবহন করছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা রেনু পোনাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত রেনু পোনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বসন্তপুর খালে অবমুক্ত করা হয়। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, এএসআই ইব্রাহীম খলিলসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ওসি আব্দুল আলিম বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় অবৈধভাবে ভারতীয় রেনু পোনা দেশে প্রবেশ করিয়ে দেশীয় হ্যাচারি খাতকে ক্ষতিগ্রস্ত করছে। এসব চোরাকারবারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, গত কয়েকদিনে দেবহাটা থানা পুলিশের অভিযানে মোট ১৬ বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়েছে। পরে সেগুলো ইছামতী নদীতে অবমুক্ত করা হয়।