দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার বাসিন্দা, সাবেক ছাত্রনেতা ও দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহছানউল্লাহ্ ডালিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে দেবহাটা উপজেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) সকালে ব্যক্তিগত কাজে উপজেলা সদরে যান আহছানউল্লাহ্ ডালিম। কাজ শেষে দুপুর প্রায় ২টার দিকে তিনি বাড়িতে ফেরেন। বাড়ির সামনে কাদা পরিষ্কারের কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ডালিমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়। খবর পেয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছুটে যান পারুলিয়াস্থ তার নিজ বাড়িতে। এসময় স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
বৃহস্পতিবার বাদ এশা মাঝ পারুলিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। আহছানউল্লাহ্ ডালিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপি, জেলা যুবদল, দেবহাটা উপজেলা বিএনপি, উপজেলা যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।