কালিগঞ্জ

কালিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগে চাঞ্চল্য

By daily satkhira

May 09, 2026

কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের চন্ডীতলা গ্রামে দুই সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করা হয়েছে।

নিহত গৃহবধূ সাজিদা খাতুন (৩৫) চন্ডীতলা গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। শুক্রবার (৮ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের অভিযোগ, স্বামী মনিরুল ইসলাম, শ্বশুর-শাশুড়ি, ভাসুরসহ পরিবারের সদস্যরা মিলে সাজিদা খাতুনকে মারধর করেন। পরে তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাজিদা খাতুনের পিতার বাড়ি কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামে। তিনি কেরামত মোল্লা ওরফে কেনার মেয়ে।

প্রায় ১০ বছর আগে শরিয়ত মোতাবেক তার বিয়ে হয় চন্ডীতলা গ্রামের গফুর গাজীর ছেলে মনিরুল ইসলামের সঙ্গে। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।

এ ঘটনায় মনিরুল ইসলাম, তার ভাই আবু সাঈদ গাজী ও সহোদর নুরুজ্জামান গাজীর নাম উল্লেখ করে অভিযোগ উঠেছে। বর্তমানে নিহতের লাশ কালীগঞ্জ থানায় রয়েছে এবং পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে ঘটনাটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকাজুড়ে নানা আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি তদন্ত করছে কালিগঞ্জ থানা পুলিশ।