নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত গুরুতর আহত হয়েছেন। রোববার বিকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন তিনি। আহত মৌয়াল বাবলু গাজী (৪৮) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।
স্থানীয় সূত্র ও ফিরে আসা মৌয়ালদের কাছ থেকে জানা যায়, গতকাল রবিবার সকালে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু ভাঙতে বনে যান। হঠাৎ একটি রয়েল বেঙ্গল টাইগার ঝোপের আড়াল থেকে এসে তার ওপর আক্রমণ চালায়।
সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার ও লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে বাঘটি সরে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বাবলু গাজীকে উদ্ধার করে প্রথমে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সোমবার সকালে আহত মৌয়ালকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতের পিতা মালেক গাজী বলেন, “আমরা একসাথে মধু ভাঙতে উঠেছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো জীবিত আছে।” আক্রান্ত বাবলু গাজীর স্বজনরা জানান, তার শরীরের কয়েকটা স্থানে গভীর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ফিরে আসা মৌয়ালরা জানান, সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। বাঘের আতঙ্ক নিয়েই জীবিকা নির্বাহ করেন তারা।
বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান, গত ৬ মে ১০ জনের একটি মৌয়াল টিম বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন হতে পারমিট নিয়ে সুন্দরবনে মধু আহরণ করতে যায়। রবিবার মধু সংগ্রহ করার সময় বাঘের আক্রমণের শিকার তিনি। তিনি আরো জানান, সুন্দরবনে প্রবেশের সময় নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার নির্দেশনা দেওয়া হলেও বাঘের আক্রমণের মতো দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটে। বর্তমানে আহত মৌয়াল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।আহত মৌয়ালের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তারা।