ফিচার

নূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার আহমেদের সংবাদ সম্মেলন

By daily satkhira

May 18, 2026

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ০৪নং নূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার আহমেদ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সকল দলীয় কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন।

গতকাল সোমবার (১৮ মে) সকাল ১১টায় নূরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় নূরনগর ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বখতিয়ার আহমেদ বলেন, “আমি বখতিয়ার আহমেদ, পিতা-মৃত সৈয়দ আলী গাজী, গ্রাম-হাজিপুর, ডাকঘর-নূরনগর, উপজেলা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা। আমি দীর্ঘদিন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন সমর্থক ছিলাম। বর্তমানে আমার বয়স ৮০ বছরের ঊর্ধ্বে।

বার্ধক্যজনিত কারণে ও শারীরিক অসুস্থতার জন্য আমি আওয়ামী লীগের সকল দলীয় কার্যক্রম থেকে অবসর গ্রহণ করিলাম।”তিনি আরও জানান, জীবনের এই পর্যায়ে এসে তিনি ব্যক্তিগত ও শারীরিক কারণেই সক্রিয় কার্যক্রম থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিচ্ছেন। সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের হাতে তিনি নিজ স্বাক্ষরিত একটি করে ঘোষণাপত্র তুলে দেন।

উল্লেখ্য, বখতিয়ার আহমেদ নূরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে ৮ বার দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে স্থানীয়রা মনে করেন। বর্তমানে তিনি সুনামের সাথেই ০৪নং নূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।