নিজস্ব প্রতিনিধি ঃ শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক মোঃ নাসিরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে উক্ত মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুর রহমান, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আ.ম আখতারুজ্জামান মুকুল, প্রচার সম্পাদক সিএম নাজমুল ইসলাম, ডাঃ তনয় কৃষ্ণ পাল প্রমুখ।
বক্তারা এসময়, শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক মোঃ নাসিরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন, চিকিৎসকরা আজ সোচ্চার হয়েছেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
বক্তারা এসময় চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত যুগোপযোগী চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের জোর দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে এসময় বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিযয়েশন সাতক্ষীরা জেলা ও উপজেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।##