দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর তাণ্ডবে এক অসহায় বিধবা নারীর মাটির ঘর সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে। স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে বসবাস করা ছোট্ট সেই ঘরটুকুও এখন আর নেই। ফলে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ওই নারী।
জানা গেছে, সখিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত বুটচারের স্ত্রী দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ মাটির ঘরে বসবাস করছিলেন। সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় অভাব-অনটনের মধ্যেই দিন কাটছিল তার। এরই মধ্যে ভয়াবহ ঘূর্ণিঝড় ও দমকা হাওয়ায় তার বসতঘরটি মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যায়। ঘরের টিন উড়ে যায়, দেয়াল ভেঙে পড়ে এবং ঘরের ভেতরে থাকা প্রয়োজনীয় জিনিসপত্রও নষ্ট হয়ে যায়।
স্থানীয়রা জানান, ঝড় শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিধবা নারীর ঘরটি ভেঙে পড়ে। পরে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। বর্তমানে তিনি খোলা আকাশের নিচে বসবাস করছেন। মাথা গোঁজার ঠাঁই না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তিনি। এলাকাবাসী বলেন, “অসহায় এই নারী খুবই কষ্টে জীবনযাপন করেন। ঝড়ে তার শেষ সম্বলটুকুও শেষ হয়ে গেছে। দ্রুত সরকারি কিংবা বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন।”
স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিষয়টি খোঁজখবর নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত কোনো সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী দ্রুত প্রশাসন ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছেন, যাতে অসহায় ওই বিধবা নারী আবারও মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয় ফিরে পান। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়া, বসতঘরের চাল উড়ে যাওয়া ও বিদ্যুৎ বিচ্ছিন্নসহ ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে অসহায় বিধবা নারীর ঘর বিধ্বস্ত হওয়ার ঘটনাটি এলাকায় মানবিক উদ্বেগ সৃষ্টি করেছে।