ফিচার

শহরের কুখরালী থেকে সোহানা নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার

By daily satkhira

May 22, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের কুখরালী এলাকা থেকে সোহানা পারভীন নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তার স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহানা পারভীন (১৯) সদর উপজেলার দহাকুলা গ্রামের মোঃ আব্দুল খলিলের মেয়ে এবং সাতক্ষীরা শহরের কুখরালী গ্রামের শেখ সাকিব হোসেনের স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের ফাইয়াজ হোসেন নামে তিন বছরের একটি শিশু সন্তান রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, নিহত সোহানার স্বামী সাকিবের সাথে প্রতিবেশী এক তরুনীর পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। এরই জেরে রাতের কোন এক সময় সোহানা অভিমানে আতœহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে, নিহতের স্বজনদের দাবি, সোহানাকে হত্যার পর গলায় ওড়না পেচিয়ে ঝুলিয়ে রেখে আতœহত্যা বলে প্রচার দেয়া হচ্ছে। এদিকে, খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর গৃহবধূ সোহানার মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেননি। তবে, এ ঘটনায় নিহতের স্বামী শেখ সাকিব হোসেনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।##