মতামত

হত্যা, ধর্ষণ, জুয়া ও মাদকের সর্বোচ্চ শাস্তি হোক ‘ক্রসফায়ার’: প্রধানমন্ত্রীকে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আবেদন

By daily satkhira

May 24, 2026

দেশে প্রতিনিয়ত আশঙ্কাজনক হারে বেড়ে চলা হত্যা, ধর্ষণ এবং সমাজ ধ্বংসকারী জুয়া ও মাদকের মতো জঘন্য অপরাধের লাগাম টানতে প্রচলিত আইন পরিবর্তনের দাবি উঠেছে। অপরাধীদের মনে আইনের কঠোর শাসন ও তীব্র ভয় তৈরি করতে সর্বোচ্চ শাস্তি হিসেবে বিদ্যমান ফাঁসি বা অন্যান্য সাজার পরিবর্তে সরাসরি ‘ক্রসফায়ার তথা গুলি করে মৃত্যুদণ্ড’ কার্যকর করার নিয়ম প্রবর্তনের দাবি জানানো হয়েছে।

​মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রতি গভীর আস্থা রেখে এই আকুল আবেদন জানিয়েছেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোল্ল্যা মুহাম্মদ শাহাজুদ্দীন।

​এক বিবৃতিতে ছাত্রনেতা শাহাজুদ্দীন বলেন, “টেকসই, নিরাপদ ও যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষায় বর্তমান সরকারের উদ্যোগ প্রশংসনীয়। তবে সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া কিছু বর্বর অপরাধ এবং মাদক ও জুয়ার নীল দংশনে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। বর্তমান প্রচলিত আইনি প্রক্রিয়ার পাশাপাশি অপরাধীদের মনে তীব্র আতঙ্ক সৃষ্টি করতে শাস্তির ধরনে আমূল পরিবর্তন আনা আজ সময়ের দাবি।”

​তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে জোর দাবি জানিয়ে বলেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের প্রচলিত আইন সংশোধন ও আধুনিকায়ন করা জরুরি। বিশেষ করে—হত্যাকাণ্ড, পাশবিক ধর্ষণ এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া জুয়া ও যুবসমাজ ধ্বংসকারী মাদক সিন্ডিকেটের মামলার ক্ষেত্রে সর্বোচ্চ সাজা হিসেবে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তে ‘সরাসরি গুলি করে মৃত্যুদণ্ড’ প্রবর্তন করা হোক।

​বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অপরাধী ও মাদক কারবারিদের জন্য এমন কঠোর ও তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তির আইনি বিধান করা হলে সমাজ থেকে অপরাধের প্রবণতা চিরতরে হ্রাস পাবে এবং কোনো অপরাধীই এমন জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সাহস পাবে না।

​সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোল্ল্যা মুহাম্মদ শাহাজুদ্দীন আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের আপামর জনসাধারণের জানমালের নিরাপত্তা ও একটি অপরাধমুক্ত-মাদকমুক্ত সমাজ গঠনে বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণেতা এবং নীতি-নির্ধারকগণ এই প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবেন