ফিচার

ঈদকে সামনে রেখে অপরূপ সাজে সেজেছে দেবহাটার রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট

By daily satkhira

May 24, 2026

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার টাউনশ্রীপুরে অবস্থিত জনপ্রিয় পিকনিক স্পট ও পর্যটন কেন্দ্র “রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট” ঈদুল আজহা উপলক্ষে নতুন সাজে সেজে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্য, ইছামতি নদীর মনোমুগ্ধকর পরিবেশ এবং সীমান্তঘেঁষা নিরিবিলি আবহের কারণে ইতোমধ্যেই পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এই বিনোদন কেন্দ্রটি। ঈদকে ঘিরে দর্শনার্থীদের বাড়তি আগমন উপলক্ষে পুরো এলাকাজুড়ে নেয়া হয়েছে নানামুখী সৌন্দর্যবর্ধন ও সাজসজ্জার উদ্যোগ। এক সময়ের ঐতিহ্যবাহী টাউনশ্রীপুরের সেই পুরনো জৌলুস অনেকটাই হারিয়ে গেলেও এখানকার বিখ্যাত ব্যক্তিদের বাসস্থান, পুরাতন স্থাপনা ও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ফলে শুধুমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট নয়, পুরো টাউনশ্রীপুর এলাকাকে ঘিরেই গড়ে উঠতে পারে বিশাল পর্যটন সম্ভাবনা বলে মনে করছেন স্থানীয়রা।

পর্যটকরা জানান, রূপসী ম্যানগ্রোভ ফরেস্টের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ইছামতি নদীর তীরবর্তী মনোরম পরিবেশ। নদীর একপাশে বাংলাদেশ এবং অপরপাশে ভারত— মাঝখানে শান্ত ইছামতি নদী যেন ভ্রমণপিপাসুদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে। প্রকৃতির সান্নিধ্যে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে সব বয়সী মানুষের কাছে জায়গাটি অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। দর্শনার্থীদের ভাষ্য, সুন্দরবনের আদলে তৈরি এই ম্যানগ্রোভ ফরেস্টে এসে স্বল্প খরচে সুন্দরবন ভ্রমণের অনুভূতি পাওয়া যায়। বিশেষ করে ঈদ, বিভিন্ন সরকারি ছুটি ও উৎসবের দিনগুলোতে দূরে না গিয়েও পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন সময় কাটানোর জন্য এটি এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।

নারী ও শিশুদের জন্য স্থানটি অত্যন্ত নিরাপদ বলেও জানিয়েছেন ভ্রমণকারীরা। নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ এবং পরিবারবান্ধব আবহের কারণে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের উপস্থিতি। কর্তৃপক্ষ জানায়, সাধারণ দিনেও এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। আর ঈদ, পূজা কিংবা সরকারি ছুটির দিনে দর্শনার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩ থেকে ৪ হাজারে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, “রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট বর্তমানে জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। সব শ্রেণি-পেশার মানুষের কাছে এটি অন্যরকম অনুভূতির একটি জায়গা। জেলা প্রশাসকের নির্দেশনায় পর্যটকদের জন্য কেন্দ্রটিকে আরও দৃষ্টিনন্দন ও আধুনিক করতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।”