নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় ২৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) রাতে হাদিপুর এলাকার একটি ইট ভাটার পিছন থেকে উক্ত ফেনসিডিল উদ্ধার হয়।
প্রত্যক্ষদর্শী ওহিদুজ্জামান বলেন, আমি রাস্তার পাশে একা বসেছিলাম। হঠাৎ দেখি ৭/৮ জন লোক মাথায় বস্তা নিয়ে মেইন রাস্তার দিকে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্য করে কে কে বললে তারা আমাকে ইট তুলে মারার চেষ্টা করে। পরে আমি বন্ধুদের ফোন করে ডাক দিলে তারা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য আসমতুল্লাহ গাজী বলেন, স্থানীয় যুবকদের ফোন কল পেয়ে থানা পুলিশকে বিষয়টি জানায়। পরে মাদক উদ্ধার স্থলে গিয়ে থানা পুলিশের সহযোগিতায় গননা করলে ২৩৪ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
দেবহাটা থানার এসআই নকীব বলেন, স্থানীয় মেম্বারের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করি। জব্দকৃত মালামাল থানায় নিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।