ফিচার

তালায় খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

By daily satkhira

June 11, 2026

প্রেস বিজ্ঞপ্তি : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

স্থানীয় উন্নয়ন সংগঠন উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে গবাদিপশু পালন ও দুগ্ধ পণ্য প্রক্রিয়াজাতকরণে সম্পদের সঠিক ব্যবহার, পরিচ্ছন্ন উৎপাদন পদ্ধতি, জলবায়ু সহনশীল প্রযুক্তির প্রয়োগ এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনায় সার্কুলার ইকোনমির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি খামারিদের কারিগরি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষক হিসেবে ছিলেন পরিবেশ সাংবাদিক ও তরুণ সংগঠক মো. হোসেন আলী। এসময় তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অভিযোজনমূলক বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে জলবায়ু সহনশীল প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব খামার ব্যবস্থাপনা, পানি ও সম্পদের সঠিক ব্যবহার এবং খামারের বর্জ্য পুনর্ব্যবস্থাপনার মতো বিষয়গুলো এখন সময়ের দাবি। একই সঙ্গে খামারিদের সচেতনতা বৃদ্ধি ও কারিগরি দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে উন্নয়ন প্রচেষ্টার স্মার্ট প্রকল্পের এনভায়রনমেন্ট অ্যান্ড সোশাল অফিসার জাহিদুল ইসলাম এবং এসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার শেখ আসিফ রেজা উপস্থিত ছিলেন।