জুলফিকার আলি : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া ও পাথরঘাটা গ্রামে দুই শিশুর করুন মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টায় ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের আব্দুর রহিমের শিশু পুত্র শান্ত (৫)পানিতে ডুবে মারা যায়। ঘটনার বিবরণে ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিনে শান্ত তার দাদার সাথে স্থানীয় মাঠে ঘেরে মাছ ধরতে যায় এবং মাছ ধরা শেষে মাছের প্যাকেট নিয়ে বাড়ির দিকে দৌড় দেয় এবং দাদাকে বলে আমি বাড়ি যাই । দাদা এ সময় ঘেরের কাজ শেষ করে বাড়ি ফিরে শান্তকে খোজ করেন। শান্তকে না পেয়ে সবাই মাঠের দিকে খুঁজতে যায়। খোঁজা খুঁজির এক পর্যায় শান্তকে পানিতে ডুবা অবস্থায় দেখতে পায় ।
উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে ডাক্তার শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে দক্ষিণ পাথরঘাটায় বেত্রাবতী নদীর পানিতে ডুবে মাহিম হোসেন নামের আড়াই বছরের আরেক শিশুর করুন মৃত্যু হয়।
শনিবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।শিশু মাহিম হোসেন দক্ষিণ পাথরঘাটা গ্রামের কাচামাল ব্যবসায়ী আশরাফুল ইসলামের ছোট পুত্র।
ঘটনার বিবরণে জানা যায়, শিশুটির মা সাংসারিক কাজে ব্যস্ত ছিল। হঠাৎ মাহিমের খোঁজ না পেয়ে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি করতে শুরু করে। পরে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া বেত্রাবতী নদীতে শিশুটির মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। একই দিনে একই এলাকায় দুজন শিশুর এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।