প্রেস বিজ্ঞপ্তি : সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানবন্ধন কর্মসূচি পালন করেছে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব। সাংবাদিক মিজানুর রহমানকে প্রকাশ্যে জীবনাশের হুমকি এবং সাংবাদিক আজিম হোসেনের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
রবিবার বেলা সাড়ে ১১টায় শ্যামনগর বাসস্ট্যান্ড চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শ্যামনগরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।
মানবন্ধনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল আযম মনির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী।
এ সময় বক্তব্য রাখেন ডিবিসির জেলা প্রতিনিধি এম, বেলাল হোসাইন, চ্যানেল নাইন জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেস ক্লাব সভাপতি বেলাল হোসেন, উপকূলীয় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হুদা মালী প্রমূখ।
সাংবাদিক আব্দুল আহাদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, “সাংবাদিক মিজানকে প্রকাশ্যে হুমকি দেওয়া মানে শ্যামনগরের সকল সাংবাদিককে হুমকি দেওয়া। আর আজিমের নামে মিথ্যা মামলা দিয়ে কলমকে থামানো যাবে না। সাংবাদিকরা জনগণের কথা বলে। তাদের উপর হামলা-মামলা হলে গণতন্ত্র হুমকির মুখে পড়ে। প্রশাসনের কাছে আমাদের দাবি, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনুন। প্রয়োজনে শ্যামনগরের সকল সাংবাদিক কর্মবিরতি ও বৃহত্তর আন্দোলনে যাবে। কলমের বিরুদ্ধে অস্ত্র ধরলে শ্যামনগরের মানুষ তা মানবে না।##