শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। একই ঘটনায় নদীর পাড়ে অবস্থানরত আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে নূর হোসেন গাজী (৪০) মালঞ্চ নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডাঙ্গায় আনার পর তার মৃত্যু হয়।
একই সময়ে নদীর পাড়ে অবস্থানরত দক্ষিণ কদমতলা এলাকার হাসান গাজীর ছেলে জহির হোসেন (৪০) বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, ঘটনার সময় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছিল। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে মুহূর্তের মধ্যে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন