ফিচার

সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে পিআইবির তিনদিনব্যাপি প্রশিক্ষণ শুরু

By daily satkhira

June 23, 2026

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত কর্মশালায় মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই ব্যবহার বিষয়ক এই প্রশিক্ষণে ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন। তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান, প্রশিক্ষক মোহাম্মদ তাওসিফ আকবর প্রমুখ। আগামী ২৫ জুন এই প্রশিক্ষণ কর্মশালার সমাপন অনুষ্ঠিত হবে।

বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে সাংবাদিকতার ক্ষেত্রে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, তথ্য যাচাই (ফ্যাক্ট চেক) এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এর যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠতে হবে।

আয়োজকরা জানান, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল এবং সংবাদ পরিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করবেন।