জাতীয়

এনসিপির সমাবেশে হামলা নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক: ডা. জাহেদ

By daily satkhira

July 07, 2026

অনলাইন ডেস্ক :  সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

একই সঙ্গে বোমা বিস্ফোরণের ঘটনায় দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মন্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘‘গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এটার প্রতিবাদ জানাই। সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এটার সঙ্গে জড়িত সেই তদন্ত করা, তাদেরকে ধরা। নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকু বলব যে রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন। সেটা তার অধিকারও আছে, তিনি সেটা বলতে পারেন। এমন ঘটনায় সরকারের দায়িত্ব হলো নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা। একই সঙ্গে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণঅভ্যুত্থানে-আরেকটু দায়িত্বশীল মন্তব্য…(আশা করি)।’’

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘‘সরকার তদন্ত করবে। ঘটনা তো এখন ২৪ ঘণ্টাও যায়নি। সবসময় যে খুব দ্রুত কাজটা করে ফেলা যাবে তা না। সরকার অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। একটা প্রসেস আছে, তদন্ত আছে, নানান রকমভাবে সেই চেষ্টা হবে। সরকার করছে না কিনা সেটা দেখার ব্যাপার আছে।’’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘‘একটা রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও কখনো অঘটন ঘটতে পারে। সরকার সেটাকে কগনিজেন্সে সিরিয়াসলি নিচ্ছে কিনা, ব্যবস্থা নিচ্ছে কিনা সেটা জরুরি ব্যাপার। এ সরকার নিচ্ছে, আমি আপনাকে এটা কনফার্ম করতে পারছি।’’

সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা বিগত সরকারের আমলে অর্থ পাচার, বিদ্যুৎ খাতে অনিয়ম এবং এসব ঘটনায় বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পত্তি জব্দ করা হয়েছে। এটি প্রমাণ করে সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোচ্ছে।’’

তিনি বলেন, ‘‘বিদ্যুৎ ও কুইক রেন্টালসহ বিভিন্ন খাতে যে অনিয়মের অভিযোগ রয়েছে, সেগুলোর অনেকটাই তৎকালীন আইনি কাঠামোর ভেতরে করা হয়েছিল। সে সময় এমন আইন করা হয়েছিল, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু ব্যক্তি বা গোষ্ঠী সুবিধা পেয়েছে।’’

ডা. জাহেদ বলেন, ‘‘পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা আন্তর্জাতিকভাবে অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এ জন্য সময় লাগবে। তবে সরকার একদিকে পাচার হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা করছে, অন্যদিকে ভবিষ্যতে যাতে অর্থ পাচার না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি এবং কিছু সাংবাদিকের বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, ‘‘জুলাই নিয়ে অবমাননাকর মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং তার ব্যক্তিগতভাবেও তা কষ্ট দেয়। তবে বর্তমানে এ ধরনের মন্তব্যকে ফৌজদারি অপরাধ হিসেবে কোনো আইনে অন্তর্ভুক্ত করা হয়নি।’’

তিনি বলেন, ‘‘জুলাই নিয়ে কটূক্তিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে কি না, সে বিষয়ে সমাজে বিস্তৃত আলোচনা হওয়া প্রয়োজন। আলোচনার ভিত্তিতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বর্তমানে যেহেতু এ ধরনের বক্তব্যকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়নি, তাই কেবল এ কারণে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।’’

সরকারের অবস্থান তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, ‘‘বর্তমান সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। অতীতের সরকারের মতো ভিন্নমত দমনে বলপ্রয়োগের পথে বর্তমান সরকার হাঁটতে চায় না।’’