ফিচার

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীদের বাড়ি ঘেরাও: মাদক না ছাড়লে উচ্ছেদের আল্টিমেটাম

By daily satkhira

July 10, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীদের বাড়ি ঘেরাও করে এলাকা ছাড়ার আল্টিমেটাম দিয়েছে স্থানীয়রা। শুক্রবার জুম্মার নামাজ শেষে সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে শতশত মুসল্লি সাতক্ষীরা শহরের বাটকেখালী, চালতেতলা, বাগানবাড়ি ও গড়েরকান্দা এলাকায় মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি দেশ, একটি পুরোজাতিকে ধ্বংস করে দেয়। মাদক ছেড়ে সুপথে আসতে হবে না হলে এলাকা ছাড়তে হবে। সাতক্ষীরা জেলা কে মাদক মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। এছাড়া মাদক ব্যবসা ছাড়ার জন্য তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় তাদের উচ্ছেদ করার হুশিয়ারী প্রদান করেন স্থানীয়রা। এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপি নেতা নিছারুল হক, ওয়ার্ড জামায়াতের আমীর আমিরুল ইসলাম, কবির, রাজুসহ ২২টি মসজিদের ইমাম, কয়েকটি মন্দিরের পুরোহিত, এবং গির্জার ফাদারসহ শত শত স্থানীয়রা।

পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে কথিত মাদক ব্যবসায়ীদের কয়েকটি বাড়ি ঘেরাও করা হয়। এ সময় কয়েকজন অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে মাদক বিক্রি করবেন না—এমন অঙ্গীকার করে মুচলেকা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।