দেবহাটা

দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ কারেন্ট জাল জব্দ

By daily satkhira

July 13, 2026

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে অংশ নেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম।

অভিযান চলাকালে পারুলিয়া বাজারের বিভিন্ন জাল ও মৎস্য খাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় একটি জালের দোকান থেকে প্রায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুন দিয়ে বিনষ্ট করা হয় এবং দোকান মালিকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে, অভিযানের সময় মৎস্য খাদ্য বিক্রেতাদের লাইসেন্স, পণ্যের মান ও বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।