নিজস্ব প্রতিনিধি : খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, সাতক্ষীরা সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদকের সহজলভ্যতা রয়েছে। আজ থেকে আগামি সাত দিন মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলবে। মাদক এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জিরো টলারেন্স দেখাবে পুলিশ। সোমবার দুপুরে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন, সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
সভায় মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়ে আগামী এক সপ্তাহব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার ঘোষনা দেন খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান।
এসময় সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও মাদক পাচার, চোরাচালান, সীমান্তের অবৈধ ঘাট, ট্রাফিক ব্যবস্থাপনা, হত্যা, থানায় হয়রানির অভিযোগ, মব সন্ত্রাস, অনলাইন জুয়া এবং বিগত সরকারের সময়ের বিভিন্ন অভিযোগ নিয়ে খোলামেলা আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন।
ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। পুলিশ আরও দৃশ্যমান হবে এবং মানুষের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, অনলাইন জুয়ার বিস্তার রোধে পুলিশ আরও সক্রিয় ভূমিকা পালন করবে। আইনবিরোধী কর্মকান্ডে জড়িত বিভিন্ন অনলাইন পেজ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় সাতক্ষীরাজুড়ে এক সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়। আগামী ৫ ও ১৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা মূল্যায়ন করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। দেশজুড়ে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের বিষয়টিকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পাশাপাশি সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বর্তমান সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক আসাদুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক এম. কামরুজ্জামান, যুগ্ন সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, সাংবাদিক গাজী ফরহাদ, এস.এম বিপ্লব হোসেন সহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে খুলনা রেঞ্জ ডিআইজি সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফলজ-বনজ বৃক্ষের চারা বিতরণেও অংশ নেন। ##