প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সাতক্ষীরায় ৪৮ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী শহীদ হয়েছেন। অসংখ্য মানুষ হাত-পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। সেই জেলার মানুষকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। এ জেলার মানুষ ইসলামপ্রিয়। তারা অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না।” সোমবার (২৭ জুলাই) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে জুলাই শহীদদের আত্মত্যাগের স্মরণ, তাঁদের রুহের মাগফিরাত কামনা এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারী কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ মনা সভাপতিত্বে ও ওয়ার্ড জামায়াতের আমির মো. জিয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নূরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, সাতক্ষীরা পৌরসভার মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, পৌর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর ফখরুল হাসান লাভলু, পৌর সেক্রেটারি খোরশেদ আলম ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “জামায়াতকে ভয় দেখাবেন না। জনগণের ভোটে আমরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। জনগণের কাছে আমাদের অঙ্গীকার রয়েছে। কোনো দুর্নীতির কাছে আমরা মাথা নত করব না। সংসদেও আমি এ কথা বলেছি, এখনও বলছি, জেলার কোথাও অনিয়ম হলে প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠিন প্রতিরোধ গড়ে তুলব।” তিনি আরো বলেন, সম্প্রতি স্বাস্থ্য উপদেষ্টা সাতক্ষীরা সফরকালে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এ প্রসঙ্গে তিনি জানান, তিনি সংসদে সাতক্ষীরার বিভিন্ন উন্নয়ন দাবি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে সাতক্ষীরায় রেললাইন স্থাপন, সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালু, পৌরসভার আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসন এবং সড়ক অবকাঠামোর উন্নয়ন।জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে ‘জুলাই সনদ’ দ্রুত কার্যকর করা প্রয়োজন। গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।