নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে পাইলসের অপারেশন করাতে গিয়ে আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার উপজেলার নুরনগরে এক গ্রাম্য চিকিৎসকের ব্যক্তিগত ক্লিনিকে এ ঘটনাটি ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, গ্রাম্য চিকিৎসক গোলাম মোস্তফার ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে।
নিহত আলমগীর হোসেন উপজেলার নুরনগর এলাকার মৃত মোবারক আলীর ছেলে। স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে আলমগীর হোসেন পাইলসের অপারেশন করানোর জন্য নুরনগরে গ্রাম্য চিকিৎসক গোলাম মোস্তফার ব্যক্তিগত ক্লিনিকে যান। সেখানে তার পাইলসের অপারেশন শুরুর পর এক পর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। অবনতি হলে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারজানা আক্তার জানান, আলমগীর হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার সময় তিনি জীবিত ছিলেন না বলে আরো জানান এই চিকিৎসক।
নিহতের চাচাতো ভাই মিজানুর রহমান অভিযোগ করে বলেন, চিকিৎসক গোলাম মোস্তফার ভুল চিকিৎসার কারণেই তার ভাই আলমগীরের মৃত্যু হয়েছে।
এদিকে, রোগীর মৃত্যুর খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, বিষয়টি জানার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে।