নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালানোর দুই বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টায় শ্যামনগর থানায় এক ব্রিফিংয়ে জানান , মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ও আটুলিয়া ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী এবং নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকা থেকে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারে ছিলেন। রফিকুল ইসলামও চেক ডিজঅনারের অপর একটি মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানায় দণ্ডিত হন।
পুলিশের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সাতক্ষীরা জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সুযোগে ৮৭ বন্দি কারাগার থেকে পালিয়ে যান। তাদের মধ্যে মোজাম গাজী ও রফিকুল ইসলামও ছিলেন।
কারাগার থেকে পালানোর পর তারা নিজ নিজ গ্রামে ফিরে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে। অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮৭ বন্দির বিরুদ্ধে ১৫ আগস্ট কারা কর্তৃপক্ষ মামলা করে। এর মধ্যে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৪৬ জন গ্রেপ্তার হলেও ৪১ জন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।