দেবহাটা প্রতিনিধি।। সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পির ওপর হামলার প্রতিবাদে দেবহাটা উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় দেবহাটা উপজেলা সদরে উপজেলা ছাত্রদল, কেবিএ কলেজ ছাত্রদল ও দেবহাটা কলেজ ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদের সম্মুখ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি দেবহাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান ফরহাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি শাহিন ইসলাম, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ মিলন, দেবহাটা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর জামান, যুগ্ম আহ্বায়ক আরাফাত সানি, আসাদুল ইসলাম, রাকিবুল ইসলাম ও আব্দুর রহমান চঞ্চল।
এ ছাড়া কেবিএ কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, দেবহাটা কলেজ ছাত্রদলের সভাপতি হযরত আলী টিপু ও সাধারণ সম্পাদক গোবিন্দ দাসসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন।
বক্তারা আরও বলেন, দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও তারা উল্লেখ করেন।