দেবহাটা প্রতিনিধি: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরার দেবহাটায় ৫ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৪টায় দেবহাটা উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে কুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ও সখিপুর ইউনিয়ন ফুটবল একাদশসহ বিভিন্ন দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে সখিপুর ইউনিয়ন ফুটবল একাদশ। খেলা দেখতে মাঠে স্থানীয় তরুণ, ক্রীড়াপ্রেমী ও দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো সময়জুড়ে খেলোয়াড়দের প্রাণবন্ত নৈপুণ্য ও আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ইয়াসির আরাফাত লিপু, যুব ও ক্রীড়া বিভাগের কুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোজাহিদুল আলম, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরা এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে ওঠে।
তারা আরও বলেন, তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও দেবহাটায় যুবসমাজকে নিয়ে আরও বেশি ক্রীড়া ও সামাজিক আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।