দেবহাটা

দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ

By daily satkhira

August 17, 2026

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তাসহ বিভিন্ন কর্মসূচির প্রতিবাদ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

সোমবার (১৭ আগস্ট) বিকালে সর্বদলীয় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের উদ্যোগে উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সখিপুর বাজার হয়ে পুনরায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সর্বদলীয় ফ্যাসিবাদী ঐক্যের আহ্বায়ক মাসুদ আল আজমের সভাপতিত্বে এবং জুলাই যোদ্ধা আজহারুল ইসলাম ও মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন পারুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম রসুল, উপজেলা যুবদলের সদস্য মনি আহম্মাদ, জাতীয় ছাত্র শক্তি সাতক্ষীরা জেলার যুগ্ম সদস্য সচিব মুজাহিদ বিন ফিরোজ, সংগঠক মো. আব্দুল্লাহ, দেবহাটা উপজেলা শাখার আহ্বায়ক মাহফুজুল আলম জীবন, সর্বদলীয় ফ্যাসিবাদী ঐক্যের সদস্য সচিব সাদিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, জুলাই যোদ্ধা মিজানুর রহমান, শাহিনুর রহমানসহ অনেকে।

বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের প্রকাশ্য কার্যক্রম, উসকানিমূলক কর্মকাণ্ড কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য তৎপরতা বন্ধের পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে এবং নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।