নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের আগ পর্যন্ত বিদ্যালয়ের প্রশাসনিক ও পরিচালন কার্যক্রম অব্যাহত রাখতে অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গত ১৪ জুলাই ২০২৬ তারিখের অনলাইন আবেদনের (আইডি-৩৮২৮০) পরিপ্রেক্ষিতে গত ১৭ আগস্ট যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুঃ এনামুল কবীর স্বাক্ষরিত এক আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত অ্যাডহক কমিটিতে সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা আইডিয়াল মহিলা কলেজের প্রভাষক মোঃ আরিফুল ইসলামকে সভাপতি, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নানকে শিক্ষক সদস্য, অভিভাবক আলমগীর হোসেনকে অভিভাবক সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে। বোর্ডের আদেশে বলা হয়েছে, অ্যাডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধান ১০-এর উপ-প্রবিধান (১) অনুযায়ী বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নবনিযুক্ত সভাপতি প্রভাষক মোঃ আরিফুল ইসলাম বলেন, “যশোর শিক্ষা বোর্ড কর্তৃক আমার ওপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, “বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, ফলাফল উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধি এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। এ জন্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।”
বিদ্যালয় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন অ্যাডহক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়াও সম্পন্ন হবে।