ফিচার

সাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

By daily satkhira

August 31, 2026

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা ও অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১ টায় সাতক্ষীরা পোষ্ট অফিস মোড়স্থ সাতক্ষীরা জেলা গ্রীন কোয়ালিশনের অস্থায়ী কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গ্রীন কোয়ালিশনের জেলা সভাপতি ও সাংস্কৃতিক কর্মী আবু আফফান রোজ বাবু’র সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক)-এর আঞ্চলিক সমন্বয়কারী মো. শাহীন ইসলাম।

কর্মশালায় গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি, অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, উপকূলীয় প্রতিবেশ রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পরিবেশ আন্দোলনকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরাসহ উপকূলীয় অঞ্চলে পরিবেশ ও জীববৈচিত্র্য নানা ধরনের ঝুঁকির মুখে পড়েছে। এসব সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পরিবেশবাদী সংগঠন, নাগরিক সমাজ ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে তরুণদের পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত করে স্থানীয় পর্যায়ে সবুজ উদ্যোগ আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় গ্রীন কোয়ালিশনের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, পরিবেশকর্মী মাধব চন্দ্র দত্ত, নাগরিক নেতা অধ্যাপক পবিত্র মোহন দাস, বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার উপস্থিত ছিলেন।

এ ছাড়া গ্রীন কোয়ালিশনের যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে এম. বেলাল হোসাইন ও অ্যাডভোকেট বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী, কার্যকরী সদস্য মো. রিজাউল করিম, হাবিবুর রহমান সোহাগ, জান্নাতুল ফেরদৌস, বারসিকের গাজী মাহিদা মিজানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সদস্য সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদার, পরিবেশ সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ ও সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু সহনশীলতা তৈরিতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।