কলারোয়া

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালি

By daily satkhira

September 01, 2026

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী, আলোচনা সভা, গাছের চারা বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদরের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ প্রশাসকের বাড়ির সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ। এসময় সেখানে বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এসময় বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ ও চেতনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন, সেই পথ ধরেই বিএনপি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কাজ করে যাচ্ছে। আলোচনা সভা শেষে সেখানে গাছের চারা বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।