ফিচার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

By daily satkhira

September 06, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুছ আলী (৪২) নামের এক ঝালমুড়ি বিক্রেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে শহরের কামালনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুছ আলী ওই এলাকার মৃত রহমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালেও জীবিকার তাগিদে ঝালমুড়ি বিক্রির উদ্দেশ্যে ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন ইউনুছ আলী। বাড়ি থেকে বের হওয়ার সময় পাশের একটি মুরগির খামারের টিনের চালের সাথে তার ভ্যানগাড়ির স্পর্শ লাগে। টিনের চালটি আগে থেকেই অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে থাকায় ভ্যানগাড়িটি স্পর্শ করার সাথে সাথেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ইউনুছ আলী দীর্ঘদিন ধরে শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করে সংসার চালিয়ে আসছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।