দেবহাটা

দেবহাটায় ইছামতীর পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

By daily satkhira

September 10, 2026

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় ইছামতি নদীর তীরবর্তী বেড়িবাঁধে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. কাউসার আজিজ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার কোমরপুর এলাকায় শাখরা-কোমরপুর ব্রিজ সংলগ্ন ইছামতি নদীর বেড়িবাঁধে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম মঈন।

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৃক্ষরোপণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক মো. কাউসার আজিজ বলেন, নদীর তীরবর্তী বেড়িবাঁধে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হলে বাঁধের স্থায়িত্ব ও মাটি ধরে রাখার সক্ষমতা বাড়ে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় ঝড়, জলোচ্ছ্বাস ও প্লাবনের ক্ষয়ক্ষতি কমাতেও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করছে। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক পরিবারকে বাড়ির আঙিনা ও আশপাশের খালি জায়গায় বৃক্ষরোপণ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও উপকূলীয় এলাকার সুরক্ষায় সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। পরে জেলা প্রশাসক ও অতিথিরা ইছামতি নদীর বেড়িবাঁধের পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন।