নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করার অপচেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
আজ শুক্রবার দুপুরের দিকে নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবি-এর অধীনস্থ খুরমী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা কালিন্দী নদীর মধ্যবর্তী ছোট বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানটি খুরমী বিওপি থেকে দক্ষিণে আনুমানিক ৩.৫ কিলোমিটার দূরে অবস্থিত।
বিজিবি সূত্র জানায়, প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিড বোটে করে ১০-১২ জন অজ্ঞাত লোককে নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবির খুরমী বিওপির নিয়মিত টহল দল বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে নিজস্ব স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং বাধা দেয়। বিজিবির এই কঠোর অবস্থানের মুখে পড়ে বিএসএফ সদস্যরা ব্যর্থ হয় এবং আনুমানিক সকাল ১২টার দিকে ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, “দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।”