দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় এক বাকপ্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে আরমান হোসেন (৪৫) নামে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযুক্ত আরমান হোসেন দেবহাটা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে এবং দেবহাটা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী গোলাম হোসেন বাদী হয়ে দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর-০৪। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বাকপ্রতিবন্ধী নারী দেবহাটা সাকিনস্থ বিজিবি ক্যাম্পের পেছনে তার আত্মীয়ের বাড়ি থেকে পায়ে হেঁটে বসন্তপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে জনৈক পুটুর বাড়ির উত্তর পাশে পাকা রাস্তায় পৌঁছালে আরমান হোসেন মোটরসাইকেলযোগে এসে তাকে থামার জন্য ইশারা করেন। এজাহারে অভিযোগ করা হয়েছে, ওই নারী থামার পর আশপাশে লোকজন না থাকার সুযোগে আরমান হোসেন তাকে শ্লীলতাহানির উদ্দেশ্যে স্পর্শ করেন। এ সময় ওই নারী চিৎকার করলে পথচারী আল-আমিন বাবু ঘটনাস্থলে এগিয়ে আসেন। তাকে দেখে অভিযুক্ত দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল থেকে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী থানায় মামলা দায়ের করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।