আশাশুনি

সাতক্ষীরায় টেপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ : ব্যবসায়ীর মৃত্যু

By daily satkhira

September 15, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দলে টেপা (পটকা) মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে মুদি ব্যবসায়ী মো. আজহারুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত আজহারুল ইসলাম বড়দল গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে। তিনি বড়দল বাজারের মুদি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টিপা মাছ খাওয়ার পর পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় আজহারুল ইসলামকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বর্তমানে তাঁর স্ত্রী, মা, ছেলে ও মেয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমকর্মী শরিফুজ্জামান শরীফ জানান, স্থানীয় একটি বাজার থেকে পটকা মাছ কিনে আনা হয়ে। পরে রান্না করে খাওয়ার পরই পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এতে একজনের মৃত্যু হয়ে। বাকিদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আজহারুল ইসলামের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার বলেন, পটকা মাছ খেলে বিষক্রিয়া ঘটে। সেজন্য আমরা এ ধরনের মাছ খাওয়া থেকে বিরত রাখার জন্য আমরা নিরুৎসাহিত করি। তবে বড়দলের বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি আসলে কি কারণে হয়েছে তা খোঁজ নিয়ে দেখবো।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, বিষয়টি আমি শুনেছি। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।