তালা

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশ : র‌্যাবের অভিযানে ধরা

By daily satkhira

September 16, 2026

নিজস্ব প্রতিনিধি :  বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের এসব পণ্য জব্দের পর ভ্রাম্যমাণ আদালতে মশিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা পণ্য ধ্বংসেরও নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলার লাউতাড়া গ্রামে মশিয়ার রহমানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে নকল ও ভেজাল সার-কীটনাশক মজুতের বিষয়টি ধরা পড়ে। পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, বাড়িতে বিভিন্ন ধরনের নকল ও ভেজাল সার-কীটনাশক মজুতের পাশাপাশি এসব পণ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত মশিয়ার রহমানকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা পণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।

মশিয়ার রহমান লাউতাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। তিনি বিসিআইসি সার সাব-ডিলার হিসেবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, নকল ও ভেজাল সার-কীটনাশক কৃষি উৎপাদন ও কৃষকদের জন্য ক্ষতিকর। অভিযানে মশিয়ার রহমানের বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল সার-কীটনাশক জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।