ফিচার

সাতক্ষীরায় পৌরসভার বিল্ডিং কোড অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগ

By daily satkhira

September 16, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামালনগর এলাকায় পৌরসভার বিল্ডিং কোড ও নির্মাণ বিধিমালা অমান্য করে প্রতিবেশীর রের্কডীয় সম্পত্তির সীমানা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরিফা খাতুন নামের এক নারীর বিরুদ্ধে। বিধি বহির্ভূত এই অবৈধ নির্মাণ কাজ বন্ধ ও সুষ্ঠু প্রতিকার চেয়ে পৌর প্রশাসকের কাছে যৌথ লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ৫ নারী।

এলাকাবাসী এর প্রতিবাদ করতে গেলে তাদের খুন জখম এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকিসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করেন ‍ওই নারী এবং স্বামী আমজিয়ার রহমান, ইকবাল হোসেন এবং গালিব হোসেন। এঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। যার নং-৭৮৮, তা- ১২/০৯/২০২৬

অভিযোগসূত্রে জানা গেছে, কামালনগর গ্রামের পলাশপোল মৌজার (জে.এল নং- ৯৪, খতিয়ান নং- ৬২৩, দাগ নং- ১৭৫৭৫, ১৭৬১৩ ও ১৭৬৯১) তফসিলভুক্ত জমিতে আরিফা খাতুন (স্বামী- আমজিয়ার রহমান) নতুন ভবন নির্মাণ কাজ শুরু করেন। তিনি পৌরসভার ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ন্যূনতম কোনো খালি জায়গা না রেখে সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে কাজ চালাচ্ছেন। এমনকি ভবনের নিচের তলার বিম প্রতিবেশীদের সীমানায় এবং প্রথম তলার ছাদের কার্নিশ ভুক্তভোগীদের ব্যক্তিগত চলাচলের রাস্তার ওপর প্রায় ৫ ফুট বাড়িয়ে নির্মাণ করেছেন।

ভুক্তভোগী মাহমুদা খাতুন, কামরুল নাহার, নিলুফা ইয়াসমীন, খালেদা বেগম ও সাহিদা বেগম জানান, প্রতিবেশীর এই অবৈধ নির্মাণের ফলে তাদের চলাচলের পথ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং ভবিষ্যতে নিজস্ব জমিতে ভবন নির্মাণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয়ভাবে নিয়ম মেনে কাজ করতে বলা হলেও অভিযুক্ত আরিফা খাতুন তা তোয়াক্কা না করে গায়ের জোরে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “পৌরসভার ন্যূনতম নিয়মকানুন তো মানাই হয়নি, উল্টো আমাদের নিজস্ব সীমানা দখল করে ছাদ ও বিম বাড়ানো হয়েছে। বাধা দিলে তিনি কোনো কথা শুনছেন না।”

এ বিষয়ে ভুক্তভোগী পক্ষ থেকে গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সাতক্ষীরা পৌর প্রশাসকের কাছে তদন্তপূর্বক অবৈধ নির্মাণ কাজ বন্ধের জন্য আবেদন জানানো হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের দ্রুত ও দৃশ্যমান হস্তক্ষেপ কামনা করছেন।