ফিচার

কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কার

By daily satkhira

September 16, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী ওরফে ‘ছোট বাবু’কে দলীয় পদসহ বিএনপির সব পর্যায়ের দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কার আদেশ দেন। জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ্ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নির্দেশক্রমে এবং সাতক্ষীরা জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সৈয়দ হেমায়েত আলীকে মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদসহ দলীয় সব পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার আদেশে তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা, আওয়ামী লীগ পুনর্বাসনের প্রচেষ্টায় সহযোগিতা, আওয়ামী লীগের অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা, নারী ধর্ষ%ণের চেষ্টা, বাড়িঘর ভাঙচুর, দখলবাজি ও চাঁদা৳বাজিসহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

আদেশে বলা হয়, এসব অভিযোগ দলীয়ভাবে পর্যালোচনা ও বিবেচনার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের নির্দেশক্রমে এবং সাতক্ষীরা জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কার আদেশ অনুযায়ী, এখন থেকে সৈয়দ হেমায়েত আলী বিএনপির কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে বা দলীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। তাঁর কোনো ধরনের অংশগ্রহণ বা প্রতিনিধিত্ব বিএনপির অনুমোদিত বলে গণ্য হবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা, আদর্শ, সাংগঠনিক সিদ্ধান্ত ও দলের বৃহত্তর স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এদিকে বহিষ্কার আদেশের অনুলিপি কালিগঞ্জ উপজেলা বিএনপির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং দলীয় সংরক্ষিত নথিতে পাঠানো হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে।