ফিচার

সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫

By daily satkhira

September 18, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থনে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টার অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) সৈকত পাড়ে বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯–এর বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আলীপুর দিঘিরপাড় এলাকার আনারুল ইসলামের ছেলে ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সজীব হোসেন (৩০), বড় খামার এলাকার মোমিন সরদারের পুত্র ব্রহ্মরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন রাজ, ফিংড়ী ইউনিয়নে ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জোরড়িয়া গ্রামের একাব্বর আলীর পুত্র আব্দুল মান্নান, গোবরদাড়ী এলাকারা আব্দুল খালেক গাজীর ছেলে যুবলীগ নেতা মোঃ হাবিবুর রহমান( ৪১) ও গাংনিয়া গ্রামের মোহাম্মাদ রফিকুল ইসলামের ছেলে যুবলীগ নেতা মোশারফ হোসেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যোগরাজপুর মোড় থেকে জিরো পয়েন্টের মাঝামাঝি দেবনগর এলাকার আব্দুস সোবাহানের পুরাতন ইটভাটার সামনের পাকা রাস্তায় নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা সংগঠিত হচ্ছে। খবর পেয়ে রাত সাড়ে সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা মশাল, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ফেলে মোটরবাইকসহ অন্যান্য যানবাহনে পালিয়ে যান।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে আসামিদের ফেলে যাওয়া দুটি পোড়া মশাল, পাঁচটি বাঁশের লাঠি, দুই লিটার পেট্রল ও পোড়া ছাই আলামত হিসেবে জব্দ করে।

মামলায় জেলা যুবলীগের আহ্বায়ক মো. মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম রেজা, যুবলীগের কেন্দ্রীয় সহসম্পাদক অহেদ পারভেজ, ছাত্রলীগ নেতা মৃনাল মন্ডল সহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, পলাতক আসামিদের নাম-ঠিকানা যাচাই এবং অজ্ঞাতনামা আসামিদের শনাক্তের কাজ চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

##