নিজস্ব প্রতিনিধি : সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ। ইয়ুথ লিডার ক্যাটাগরিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
শনিবার রাজধানীর বিজয়নগরের ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
ইন্টারন্যাশনাল বিজনেস কমিউনিকেশন ফোরাম (আইবিসিএফ) ও স্টার বাংলাদেশ মিডিয়ার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুদীপ্ত দেবনাথ ২০২২ সাল থেকে শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিয়ে প্রতিরোধ, শিশু নির্যাতন রোধসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কাজ করে আসছেন। এসব কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এবার ‘ইয়ুথ লিডার’ ক্যাটাগরিতে এই পুরস্কার পেলেন। এর আগে সুদীপ্ত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এর জন্যও মনোনীত হয়েছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসা-বাণিজ্য ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবারের আয়োজনে দেশের ৩০ জনকে ‘বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়েছে। পাশাপাশি সমাজ পুনর্গঠন ও উন্নয়নে বিশেষ ভূমিকার জন্য দুজনকে ‘বিজনেস লিডারশিপ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬’ দেওয়া হয়।
শোবিজ, সংস্কৃতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মিডিয়া ও সাংবাদিকতা, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং, রপ্তানি ব্যবস্থাপনা, আইন ও মানবাধিকার, শিক্ষা, চিকিৎসা, ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে রাজনৈতিক, সাংস্কৃতিক, সংবাদমাধ্যম ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্টার বাংলাদেশ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার আরিফুর রহমান এবং কো-অর্ডিনেটর সাথী আক্তার হীরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণের পাশাপাশি অনুষ্ঠানে সফলতার গল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।